‘ওয়ার্ক ফ্রম হোম’র খোঁজ বেড়েছে ৩৭৭ শতাংশ

২৫ মে, ২০২০ ০৯:৫০  
করােনার কারনে বাড়িতে বসেই করা যাবে এমন কাজের সন্ধান শুরু করেছেন বহু মানুষ। অনলাইন জব পোর্টাল ইনডিড-এর রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ওই খোঁজ বেড়েছে ৩৭৭ শতাংশের বেশি। ওই রিপোর্টে বলা হয়েছে, গত চার মাসে ‘রিমোট’, ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্রভৃতি শব্দবন্ধের ব্যবহার করে চাকরির খোঁজ বেড়ে গিয়েছে। ইনডিড ইন্ডিয়ার ওয়েবসাইটে যত চাকরির সন্ধান করা হয়েছে তার মধ্যে বাড়ি বসেই কাজের সন্ধান ৩৭৭ শতাংশের বেশি বেড়েছে। একই ভাবে নিয়োগকর্তাদের তরফ থেকেও ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসেই করা যাবে এমন কাজের পোস্টিং বেড়েছে ১৬৮ শতাংশ! ইনডিড ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শশী কুমারের কথায়, ‘কোভিড-১৯ পরিস্থিতি আমাদের অনেকের কাজের ধরন বদলে দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বাড়িতে বসে কাজের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে এবং আগামী দিনে এটাই ‘নিউ নর্ম্যাল’ হতে চলেছে। কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং যে সমস্ত কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেন তাঁদের দক্ষতা বাড়ানো বা দক্ষ কর্মী নিয়োগ করার কথা বিবেচনা করতে হবে সংস্থাগুলিকে।’ তিনি আরও বলেন, ‘অফিসে কর্মীদের উপস্থিতি বর্তমান পরিস্থিতিতে অনেকটাই কমিয়ে দিতে বাধ্য হয়েছে সংস্থাগুলি। আমাদের নতুন ব্যবস্থায় পারদর্শী হওয়ার সময় এসেছে।’ এর আগেও কর্মী মানসিকতা নিয়ে একাধিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে ইনডিড। সেই সমীক্ষায় দেখা গিয়েছে চাকরিপ্রার্থীদের ৮৩ শতাংশ বাড়িতে বসেই কাজ করতেই বেশি পছন্দ করেন। ৫৩ শতাংশ চাকরিপ্রার্থী অফিস না গিয়ে বাড়িতে বসে কাজ করার জন্য কম বেতন নিতেও প্রস্তুত।